জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনগুলো।
বুধবার (৫ আগস্ট) বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নেতারা বলেন, ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার যে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, সেই চেতনাকে সমুন্নত রেখে একটি বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আত্মত্যাগকে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তাদের পুনর্বাসনে রাষ্ট্র ও সমাজের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আজাদ হোসেন খানের সভাপতিত্বে এবং জেলা যুবদলের সদস্য সচিব তুহীনুর রহমান তুহীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান।
এছাড়া বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আ. ফ. ম. নুরতাজ আলম বাহার (পিপি), সত্যেন কান্ত পণ্ডিত ভজন, গোলাম আবেদীন কায়সার, অ্যাডভোকেট জহির আলম খান লোদী, রফিকউদ্দিন ভূঁইয়া হাবু, অ্যাডভোকেট আরিফ হোসেন লিটন, শামীম আল মামুন, রিয়াজ মাহমুদ হারেজ, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. জিয়াউর রহমান জিয়া, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি রুস্তমউদ্দীন ভূঁইয়া বাবু, কবিরুল ইসলাম কবির, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দীন আহমেদ কবির, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জিন্নাহ খান, সদস্য সচিব অ্যাডভোকেট রাকিবুল ইসলাম, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মাসুমা খান মুক্তি, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ ও সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজীবসহ বিএনপি এবং এর বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জেলা উলামা দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রুহের মাগফিরাত কামনা, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।
এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো, সাবেক মহাসচিব প্রয়াত অ্যাডভোকেট খোন্দকার দেলোয়ার হোসেনএমপি, সাবেক মন্ত্রী প্রয়াত হারুনার রশীদ খান মুন্নু এমপি এবং হুরন নাহার রশীদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
পাশাপাশি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এমপির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দেশ ও জাতির সার্বিক উন্নতি, গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং জাতীয় সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া করা হয়।

