সিংগাইরে মাদকের বিরুদ্ধে রাস্তায় এলাকাবাসী

যুব সমাজের ব্যানারে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন পাড়া-মহল্লা প্রদক্ষিণ করে বাস্তা-মানিকনগর সড়কের বঙ্গবন্ধু মোড়ে গিয়ে শেষ হয়।

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের সুদক্ষিরা দক্ষিণপাড়া গ্রামে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন স্থানীয় বাসিন্দারা।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে দক্ষিণপাড়া জামে মসজিদের সামনে থেকে যুব সমাজের ব্যানারে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন পাড়া-মহল্লা প্রদক্ষিণ করে বাস্তা-মানিকনগর সড়কের বঙ্গবন্ধু মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বক্তারা অভিযোগ করেন, এলাকায় মাদক ব্যবসা বাড়ায় সামাজিক পরিবেশ ও তরুণ সমাজ হুমকির মুখে পড়ছে। মাদক প্রতিরোধে তারা ঐক্যবদ্ধ হয়েছেন বলেও জানান তারা। কর্মসূচিতে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা হাজী রফিকুল ইসলাম, ১ নম্বর ওয়ার্ডের সদস্য আব্বাস উদ্দিন, বিএনপি নেতা হাজী শহিদুল ইসলাম, জামায়াত নেতা মাহমুদুল্লাহ, যুবদল নেতা মনির হোসেন, রায়হান রহমান, রিয়াদুল ইসলাম, মেহেদী হাসান, ডা. রিয়াজুল ও মিলন মাহমুদ।

স্থানীয়দের ভাষ্য, সম্প্রতি কয়েকজনকে মাদক থেকে বিরত থাকার শপথ পড়ানোকে কেন্দ্র করে রাসেল নামে এক ব্যক্তির সঙ্গে তাদের বিরোধের সৃষ্টি হয়। পরে রাসেল, তার বাবা সামাদ চাচা খালেক ও মা রাশেদা আক্তারের বিরুদ্ধে মসজিদে গিয়ে এলাকাবাসীর সঙ্গে বিরোধে জড়ানোর অভিযোগ ওঠে।

স্থানীয়রা আরও দাবি করেন, রাসেলের ছোট ভাই আরমান ও তার সহযোগী দিপু সম্প্রতি ইয়াবাসহ আটক হয়ে কারাগারে রয়েছেন। তবে পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ অস্বীকার করেছেন রাসেলের মা রাশেদা খাতুন। তিনি বিষয়টিকে পূর্বশত্রুতা ও জমিসংক্রান্ত বিরোধের ফল বলে দাবি করেন।

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ওই পরিবারের বাড়িতে অভিযান চালানো হলেও কোনো মাদক পাওয়া যায়নি। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!