সেলফি পরিবহনের রুট পারমিট বাতিল, বেপরোয়া গতি ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিং বন্ধ এবং সড়কে নিরাপদ যাতায়াত নিশ্চিত করার দাবিতে মানিকগঞ্জের শিবালয়ে গণঅবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী, যাত্রী এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় বিক্ষোভকারীদের হাতে ‘সেলফি পরিবহন বয়কট’, ‘আর কোনো দুর্ঘটনা নয়, সেলফি পরিবহন বন্ধ চাই’ এবং ‘জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করো’সহ বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।
আন্দোলনকারীদের অভিযোগ, ঢাকা-পাটুরিয়া মহাসড়কে সেলফি পরিবহনের অধিকাংশ বাস চালানোর সময় বেপরোয়া গতি ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিংয়ের কারণে যাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে। প্রতিযোগিতা করে বাস চালানোর কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এ অবস্থায় জননিরাপত্তার স্বার্থে সেলফি পরিবহনের রুট পারমিট বাতিলের দাবি জানিয়েছেন তারা।

কর্মসূচিতে বক্তারা বলেন, গত ২৭ তারিখে একটি দুর্ঘটনার পর পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয়ভাবে ছোট পরিসরে মানববন্ধন করা হয়। পরে পুখুরিয়া, বৈন্যা, পাঁচুরিয়া ও মহাদেবপুর এলাকার সচেতন মানুষকে নিয়ে আবারও মানববন্ধন করা হয়। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এবার বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় গণঅবস্থান ও প্রতিবাদ মিছিল করা হয়েছে।
তারা আরও বলেন, মহাসড়কে কোনো ধরনের বেপরোয়া গতি ও প্রতিযোগিতামূলক ওভারটেকিং চলতে দেওয়া যাবে না। প্রতিযোগিতা করতে গিয়ে চালকেরা মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছেন। একজন যাত্রী যেন আতঙ্ক ছাড়াই সড়কে চলাচল করতে পারেন, সেটিই তাদের মূল দাবি।
কর্মসূচিতে বিআরটিএ, ট্রাফিক পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন আন্দোলনকারীরা। তাদের দাবি, মহাসড়কে অতিরিক্ত গতি ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিংয়ের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে। একই সঙ্গে প্রতি মাসে অতিরিক্ত গতি ও ওভারটেকিংয়ের ঘটনায় কতটি মামলা দেওয়া হচ্ছে, সেই তথ্যও প্রকাশের দাবি জানান তারা।

আগামী ১০ দিনের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।
এ সময় খোন্দকার তুহিন হোসেন, পীযূষ ফাইটার, সাকিব হোসেন, ওয়াহেদুজ্জামান মাবুল, চঞ্চল হোসেন, রাকিব হোসেন, রবিন, সুমন দেওয়ান, আলামিন, সম্রাট, মীর্জা আব্বাস, মামুন, আলমাছ, শফিক, রিজভী ও সুজনসহ অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সেলফি পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে গত ২ সেপ্টেম্বর নাগরিক সমাজের পক্ষ থেকে মানিকগঞ্জ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন তারা।
কর্মসূচি শেষে একটি প্রতিবাদ মিছিল বরংগাইল বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

