হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল মার্কিন তারকা ও নেটপ্রভাবী কিম কার্দাশিয়নকে। সম্প্রতি ‘দ্য কার্দাশিয়নস’-এর নতুন সিজনের প্রচার-ঝলকে নিজের অসুস্থতার কথা জানান তিনি।
কিম বলেন, তাঁর খাদ্যনালিতে প্রদাহ হয়েছিল। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এ সমস্যাকে বলা হয় এসোফ্যাজাইটিস।
প্রচার-ঝলকে হাসপাতালের পোশাক পরে বিছানায় শুয়ে থাকতে দেখা যায় কিমকে। তাঁর অসুস্থতার খবর সামনে আসার পর আলোচনায় এসেছে তাঁর প্রয়াত বাবা রবার্ট কার্দাশিয়ন সিনিয়রের মৃত্যুর ঘটনাও। ২০০৩ সালে ৫৯ বছর বয়সে খাদ্যনালির ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
বাবার অসুস্থতার সঙ্গে নিজের রোগের প্রসঙ্গ উঠে আসায় আবেগপ্রবণ হয়ে পড়েন কিম ও তাঁর পরিবারের সদস্যরা। এর আগেও বিভিন্ন সময়ে বাবার অসুস্থতা ও চিকিৎসা নিয়ে কথা বলেছেন তিনি।
২০২৫ সালে ‘দ্য কার্দাশিয়নস’-এর একটি পর্বে কিম জানান, উন্নত প্রযুক্তি ও চিকিৎসকদের কাছে পৌঁছানোর সুযোগ থাকা সত্ত্বেও তাঁরা তাঁর বাবাকে বাঁচাতে পারেননি। তবে এখন অন্যদের জীবন রক্ষায় সহায়তা করার সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে কিমকে হাসপাতালের বিছানায় দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁর ভক্তরা। তবে বর্তমানে তাঁর শারীরিক অবস্থা কেমন, কিংবা কী কারণে এসোফ্যাজাইটিস হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

