বিয়ে নিয়ে গুজব, আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পূজা চেরির

একটি সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলেছিলেন, তিনি এনগেজড এবং পারিবারিকভাবে তাঁর বিয়ে ঠিক হয়েছে। তবে এখনো তাঁর বিয়ে হয়নি।

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরির বিয়ে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জানিয়েছেন তিনি। তথ্য যাচাই না করে মিথ্যা সংবাদ প্রকাশ অব্যাহত থাকলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন এই অভিনেত্রী।

সোমবার (১৭ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পূজা চেরি বলেন, বেশ কিছুদিন ধরে তাঁকে নিয়ে অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করা হচ্ছে। কখনো নির্দিষ্ট পেশার কারও সঙ্গে, আবার কখনো অন্য ব্যক্তির সঙ্গে তাঁর নাম জড়িয়ে কাল্পনিক সংবাদ তৈরি করা হচ্ছে, যা তাঁর জন্য বিব্রতকর।

পূজা জানান, একটি সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলেছিলেন, তিনি এনগেজড এবং পারিবারিকভাবে তাঁর বিয়ে ঠিক হয়েছে। তবে এখনো তাঁর বিয়ে হয়নি। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে নিজেই সবাইকে জানাবেন বলেও জানান তিনি।

বর্তমানে নতুন কাজের জন্য নিজেকে প্রস্তুত করছেন বলে জানান অভিনেত্রী। এ কারণে ক্যামেরার সামনে কিছুটা অনুপস্থিত থাকলেও তাঁর বিষয়ে তথ্য যাচাই না করে সংবাদ প্রকাশের কারণ নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ ও মিথ্যা তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে পূজা বলেন, তাঁর বিয়ে হলে সংবাদকর্মীদেরই প্রথম জানানো হবে। অন্যথায় নিজের আইনি অধিকার রক্ষায় ব্যবস্থা নিতে বাধ্য হবেন।

সর্বশেষ কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘দম’ সিনেমায় অভিনয় করেছেন পূজা চেরি। রেদওয়ান রনি পরিচালিত সিনেমাটিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন আফরান নিশো।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!