ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজ শেষে ফেরার পথে বিজয়নগর এলাকায় মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা তাকে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, হাদিকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ জানান, প্রাথমিকভাবে বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হওয়ার কথা শুনেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত নিশ্চিত করবে।
গত নভেম্বর মাসে ওসমান হাদি দেশি–বিদেশি প্রায় ৩০টি নম্বর থেকে হত্যার হুমকি পাওয়ার অভিযোগ করেছিলেন। ১৪ নভেম্বর ফেসবুকে তিনি দাবি করেন, তাকে হত্যা, বাড়িতে আগুন এবং তার পরিবারের নারী সদস্যদের ধর্ষণের হুমকি দেয়া হয়েছে।


