আজ থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল সামাজিক ও পরিবেশবাদী সংগঠন ‘মানিকগঞ্জের প্রকৃতি কল্যাণ সংঘ’। দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ‘মানিকগঞ্জের প্রকৃতি’ ফেসবুক গ্রুপের ব্যানারে পরিচালিত বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও বিস্তৃত করার লক্ষ্যেই এই সংগঠনের আত্মপ্রকাশ।
সংগঠনটির উদ্যোক্তারা জানান, মানিকগঞ্জের সামাজিক উন্নয়ন, বনায়ন কার্যক্রম এবং পরিবেশ সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে সামাজিক দায়বদ্ধতা থেকে ধারাবাহিকভাবে কাজ করে যাওয়াই তাদের মূল লক্ষ্য।
এই উপলক্ষে আজ সকাল ৯টায় মানিকগঞ্জ কেন্দ্রীয় শহীদ স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর সকাল ১০টায় মানিকগঞ্জের এনপিআই কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয় সংগঠনটির প্রথম সভা।
প্রথম সভায় ‘মানিকগঞ্জের প্রকৃতি কল্যাণ সংঘ’–এর সম্মানিত উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সামাজিক ও পরিবেশগত কার্যক্রম এবং সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, যারা পরিবেশ রক্ষা, বনায়ন এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত হতে আগ্রহী, তারা সংগঠনের সঙ্গে যোগাযোগ করে এই উদ্যোগের অংশ হতে পারবেন।
উদ্যোক্তারা বলেন, মানুষ ও প্রকৃতির মধ্যে সেতুবন্ধন তৈরি করে একটি সবুজ, বাসযোগ্য ও সচেতন মানিকগঞ্জ গড়ে তুলতেই আমাদের এই পথচলা। সবার সহযোগিতাই আমাদের এগিয়ে যাওয়ার প্রধান শক্তি।


