ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চোরের মৃত্যু

মাত্র এক সপ্তাহ আগেও একই এলাকার পাশের একটি বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছিল। বারবার এমন চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বাড়ছে।

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সংঘবদ্ধ চোর চক্রের এক সদস্যের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ধল্লা ইউনিয়নের খানপাড়া এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময়ে সংঘবদ্ধ একটি চোর চক্র খানপাড়া এলাকার একটি ফাঁকা স্থানে স্থাপিত বিদ্যুতের খুঁটির ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে সেখানে যায়। এ সময় তারা ট্রান্সফরমারের সঙ্গে লাগানো শিকল ও তালা কাটার চেষ্টা করে।

একপর্যায়ে ট্রান্সফরমারটি খুলে ফেলার আগেই হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চোর চক্রের এক সদস্য নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, গভীর রাত হওয়ায় নিহতের মরদেহ সামান্য দূরে সরিয়ে রেখে চক্রের অন্যান্য সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

শুক্রবার (২ জানুয়ারি) সকালে পথচারীদের নজরে বিষয়টি এলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

স্থানীয়রা জানান, মাত্র এক সপ্তাহ আগেও একই এলাকার পাশের একটি বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছিল। বারবার এমন চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বাড়ছে।

সিংগাইর পল্লী বিদ্যুতের ডিজিএম মো. গোলাম রাব্বানী বলেন, ‘ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা থানা-পুলিশকে অবহিত করি। পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।’

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, ‘অজ্ঞাতনামা লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠানো হচ্ছে। পিবিআই ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের মাধ্যমে মরদেহ শনাক্তের উদ্যোগ নেবে। বিষয়টি তদন্তাধীন এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ