শীতের তীব্রতা যখন নিত্যদিনের জীবনকে কঠিন করে তুলেছে, ঠিক তখনই শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে লায়ন্স ক্লাব অব ঢাকা রজনীগন্ধা ও রাইজিং হোপ। সংগঠন দুটির উদ্যোগে মানিকগঞ্জের গড়পাড়া ইউনিয়নের ঘোনা গ্রামে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বেলা ১১টার দিকে আয়োজিত এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রায় ৩০০ জন শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা রাইজিং হোপ-এর সেক্রেটারি কামরান আহমেদ সাদ্দাম, রোলার ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সালাম আহমেদ, সৈয়দ ফয়সল রহমান, মনজুর আহমেদ আহমেদ, জালাল উদ্দিন আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা বলেন, প্রতিবছর শীত মৌসুমে নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ে। শীতজনিত কষ্ট কিছুটা লাঘব করতেই তাদের এই মানবিক উদ্যোগ। সমাজের অসহায় ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর এই প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কনকনে শীতের মধ্যে উষ্ণতার এই সহায়তা পেয়ে উপকারভোগীরা স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।


