মানিকগঞ্জে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে বিশেষ অবদান রাখায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) আসাদ মিয়াকে শ্রেষ্ঠ অফিসার হিসেবে সম্মাননা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম এসআই আসাদ মিয়ার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

পুলিশ সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে সাহসিকতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে। অপরাধ দমন, মাদক উদ্ধার এবং আইনশৃঙ্খলা রক্ষায় ধারাবাহিক সফলতার স্বীকৃতি হিসেবেই এ পুরস্কার প্রদান করা হয়।
সম্মাননা গ্রহণের পর এসআই আসাদ মিয়া বলেন, ‘পুলিশ বিভাগের এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে। মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে ভবিষ্যতেও সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাব।’
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) সাদিয়া সাবরিনা চৌধুরীসহ সকল থানা, ডিবি অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন।


