‘বর্তমান উন্নয়ন প্রেক্ষাপট’ শীর্ষক সাংবাদিকদের সঙ্গে আইডিয়া শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে মানিকগঞ্জে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বেউথা এলাকায় আরব হলরুমে অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
এডাবের মানিকগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি শিউলি আক্তারের সভাপতিত্বে ও স্টেপের উপপরিচালক মুহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস।
এ সময় স্টেপের নির্বাহী পরিচালক ও এডাবের মানিকগঞ্জ জেলা শাখার সদস্য সচিব সঞ্জয় কুমার দাস, আরবের নির্বাহী পরিচালক নূর তাজ আলম, এডাবের পরিচালক (কার্যক্রম) কাউসার আলম মুন্সী (কনক)সহ বিভিন্ন উচ্চপর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় শুরুতে এডাবের কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সংগঠনটির ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। এডাবের বিভাগীয় সমন্বয়কারী নুরুল আমিন স্বপন এডাবের কার্যক্রম ও সংগঠন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
তিনি বলেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংগঠনকে সঙ্গে নিয়ে এডাব কাজ করে যাচ্ছে। উন্নয়ন কর্মকাণ্ডকে আরও এগিয়ে নিতে গণমাধ্যমের সঙ্গে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ। এডাব ভবিষ্যতে আরও কার্যকরভাবে কাজ করার মাধ্যমে দেশের উন্নয়নে সহযোগী সংগঠন হিসেবে ভূমিকা রাখতে চায়।
স্টেপের নির্বাহী পরিচালক ও এডাবের মানিকগঞ্জ জেলা শাখার সদস্য সচিব সঞ্জয় কুমার দাস বলেন, দেশের সার্বিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা- এনজিওদের বিশেষ ভূমিকা রয়েছে। কিন্তু বিগত সরকার বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ ঘোষণার পর দেশে এনজিওদের কাজ কমে গেছে। অনেক এনজিও তাদের কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের ছাটাই করা হয়েছে। বর্তমান সরকরা যদি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা করে তাহলে বিদেশী দাতাগোষ্ঠী বাংলাদেশের উন্নয়নে এনজিওদের অর্থায়ন করবে এবং এদেশের উন্নয়নের গতি বাড়বে।
সভায় ‘বর্তমান উন্নয়ন প্রেক্ষাপট’ নিয়ে সাংবাদিকদের সঙ্গে বিস্তারিত মতবিনিময় করা হয়। আলোচনায় বর্তমান উন্নয়ন পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রমের বিভিন্ন দিক, উন্নয়নমূলক কর্মকাণ্ডে গণমাধ্যমের ভূমিকা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরার বিভিন্ন দিক উঠে আসে।
আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, একটি এলাকার প্রকৃত উন্নয়ন পরিস্থিতি তুলে ধরতে মাঠপর্যায়ের তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়ন কর্মকাণ্ডের ইতিবাচক দিকের পাশাপাশি কোথাও কোনো সীমাবদ্ধতা বা সমস্যা থাকলে সেটিও দায়িত্বশীলতার সঙ্গে গণমাধ্যমে তুলে ধরার প্রয়োজন রয়েছে। এতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও উন্নয়ন সংস্থাগুলো বাস্তব পরিস্থিতি সম্পর্কে জানতে পারে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি হয়।
সভায় সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বলা হয়, গণমাধ্যম শুধু কোনো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন বা কার্যক্রমের সংবাদ প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ না থেকে প্রকল্পের বাস্তবায়ন, অগ্রগতি এবং সাধারণ মানুষের ওপর এর প্রভাবও তুলে ধরতে পারে। এর মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর পাশাপাশি জনস্বার্থও নিশ্চিত করা সম্ভব।
এ সময় সাংবাদিকরা মাঠপর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ডের বিভিন্ন চিত্র, মানুষের সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরার অভিজ্ঞতা বিনিময় করেন। একই সঙ্গে উন্নয়ন সংস্থা ও গণমাধ্যমের মধ্যে আরও কার্যকর যোগাযোগ এবং তথ্য আদান-প্রদানের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় অংশগ্রহণকারীরা মনে করেন, উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার পাশাপাশি উন্নয়ন সংস্থা ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানো প্রয়োজন। এতে জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আরও কার্যকরভাবে তুলে ধরা সম্ভব হবে এবং উন্নয়ন কার্যক্রমের ইতিবাচক প্রভাব সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া সহজ হবে।
দিনব্যাপী আলোচনায় বর্তমান উন্নয়ন পরিস্থিতি নিয়ে বিভিন্ন মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন অংশগ্রহণকারীরা। পাশাপাশি ভবিষ্যতে উন্নয়ন কর্মকাণ্ড ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

