ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হলফনামায় নিজের আর্থিক অবস্থার বিস্তারিত বিবরণ দিয়েছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এবং ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. মাহমুদা আলম মিতু।
হলফনামায় উল্লেখ করা তথ্যে জানা গেছে, ডা. মাহমুদা আলম মিতুর হাতে নগদ অর্থ রয়েছে ২৮ লাখ ৪০ হাজার টাকা। ব্যাংকে জমা রয়েছে ৫১ হাজার টাকা। এছাড়া তার মালিকানায় রয়েছে ২০ ভরি সোনা, যার আনুমানিক বাজারমূল্য ৪৫ লাখ টাকা। সব মিলিয়ে তার ঘোষিত মোট সম্পদের মূল্য ৭৪ লাখ ৩১ হাজার টাকা।
হলফনামায় তার স্বামীর সম্পদের বিবরণও উল্লেখ করা হয়েছে। এতে দেখা যায়, তার স্বামীর হাতে নগদ অর্থ রয়েছে ৪৫ লাখ ৭৯ হাজার ৬৯৪ টাকা এবং ব্যাংকে জমা রয়েছে ৬ লাখ ৩৫ হাজার ৩৭৪ টাকা। এছাড়া আসবাবপত্রের মূল্য ধরা হয়েছে ১ লাখ ২০ হাজার টাকা। সব মিলিয়ে তার স্বামীর মোট সম্পদের পরিমাণ ৫৩ লাখ ৪২ হাজার ২৬৮ টাকা।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) সংসদীয় আসনে এবার মোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।


