ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নির্বাচন-পরবর্তী বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ২ জন নিহত ও প্রায় ৫০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত গোয়ালনগর ইউনিয়নের গোয়ালনগর গ্রামে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে হাবিবুর রহমান (৪০) কাশেম গোষ্ঠীর সদস্য; অপরজনের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন জাল ভোটের অভিযোগে মো. জিয়া মিয়াকে আটক ও ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। তিন দিন আগে মুক্ত হয়ে এসে তিনি প্রতিপক্ষের শিশু মিয়াকে মারধর ও তার মোটরসাইকেল ভাঙচুর করেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার সকালে কাশেম ও রহিম তালুকদার গোষ্ঠীর লোকজন মাইকে ঘোষণা দিয়ে জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে, এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
নাসিরনগর থানার পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।


