সিংগাইরে চুরির অভিযোগে গণপিটুনিতে চোর নিহত

ঘটনার পর এলাকাবাসী রাজীবকে আটক করে গণপিটুনি দেয় বলে অভিযোগ রয়েছে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় চুরির অভিযোগে গণপিটুনিতে রাজীব (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (৮ জুন) ভোররাতে উপজেলার সায়েস্তা ইউনিয়নের বান্দাইল (জিয়ানগর) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাজীব পার্শ্ববর্তী ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখন্ড গ্রামের বাসিন্দা। তিনি ফুলবরের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বান্দাইল গ্রামের বাসিন্দা মোহাম্মদ হাকিম আলীর বাড়িতে চুরির ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, রাজীব বাড়ির টিনশেড ঘরের উত্তর পাশের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করেন। এ সময় তার আরও চার থেকে পাঁচজন সহযোগী বাড়ির বাইরে অবস্থান করছিলেন।

অভিযোগ অনুযায়ী, ঘরে প্রবেশের পর নগদ প্রায় চার লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার বাইরে থাকা সহযোগীদের কাছে হস্তান্তর করা হয়। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এ সময় গৃহকর্তা হাকিম আলী বিষয়টি টের পেয়ে বাঁধা দিলে তার সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে তিনি মাথার ডান পাশে আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর এলাকাবাসী রাজীবকে আটক করে গণপিটুনি দেয় বলে অভিযোগ রয়েছে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা আল-আমিন জানান, নিহত রাজীবের বিরুদ্ধে এলাকায় একাধিক চুরি ও ডাকাতির অভিযোগ ছিল বলে জানা যায়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!