ভারতের পশ্চিমবঙ্গ এ পশু জবাইয়ে নতুন কড়াকড়ি আরোপ করেছে বিজেপি সরকার। বৃহস্পতিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন থেকে গরু, মহিষ বা বাছুর জবাইয়ের আগে সরকারি পশু চিকিৎসক ও স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে বাধ্যতামূলক ফিটনেস সনদ নিতে হবে।
নির্দেশনায় বলা হয়েছে, শুধুমাত্র ১৪ বছরের বেশি বয়সী এবং প্রজনন বা কাজের অনুপযোগী, কিংবা রোগ বা আঘাতে স্থায়ীভাবে অক্ষম পশুর ক্ষেত্রেই এ সনদ দেওয়া হবে। পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সরকারি পশু চিকিৎসক যৌথভাবে এ সনদ দেবেন।
এছাড়া ছাড়পত্র পাওয়া পশু কেবল পৌরসভার কসাইখানা বা প্রশাসনের নির্ধারিত স্থানেই জবাই করা যাবে। খোলা জায়গা বা জনসমক্ষে পশু জবাই নিষিদ্ধ করা হয়েছে।
নতুন আইন অমান্য করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, এক হাজার রুপি জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।


