ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলন ‘তেলাপোকা জনতা পার্টি’ (সিজেপি)-এর ওয়েবসাইট বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। আন্দোলনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে দাবি করেছেন, মোদি সরকারের পদক্ষেপেই তাদের ওয়েবসাইট সরিয়ে দেওয়া হয়েছে।
এর আগে ভারত সরকারের অনুরোধে সিজেপির অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টও দেশটিতে অবরুদ্ধ করা হয়। পাশাপাশি দিপকে অভিযোগ করেছেন, তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বারবার হ্যাকের চেষ্টা চলছে।
মাত্র এক সপ্তাহ আগে শুরু হওয়া এই ব্যঙ্গাত্মক আন্দোলন সামাজিক মাধ্যমে দ্রুত জনপ্রিয়তা পায়। ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের একটি মন্তব্যকে কেন্দ্র করে আন্দোলনটির সূচনা হয়। পরে সেই মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হলে বিজেপির নামের সঙ্গে মিল রেখে ‘তেলাপোকা জনতা পার্টি’ নাম দেন অভিজিৎ দিপকে।
সিজেপির ইনস্টাগ্রাম পেজে ইতোমধ্যে ২ কোটি ২০ লাখের বেশি অনুসারী যুক্ত হয়েছে। দিপকের দাবি, গত এক সপ্তাহে প্রায় ১০ লাখ মানুষ এই আন্দোলনে নিবন্ধন করেছেন। একই সময়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে তাদের আবেদনে ছয় লাখ মানুষ স্বাক্ষর করেছেন।
ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁস ইস্যুতে চলমান বিক্ষোভের মধ্যেই সামাজিক মাধ্যমে নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে এই আন্দোলন।


