চার বছর পর ভারতে পেট্রোল-ডিজেলে মূল্যবৃদ্ধি

ভারত তার মোট চাহিদার প্রায় ৮৫ শতাংশ অপরিশোধিত তেল আমদানি করে। ফলে আন্তর্জাতিক বাজারে দামের প্রভাব সরাসরি দেশটির অর্থনীতিতে পড়ছে।

পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনা ও বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভারতে বাড়ানো হয়েছে পেট্রোল, ডিজেল ও সিএনজির দাম।

শুক্রবার সকাল ৬টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। প্রায় চার বছরের মধ্যে দেশটিতে এটিই প্রথম বড় ধরনের জ্বালানি মূল্যবৃদ্ধি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, লিটারপ্রতি পেট্রোল ও ডিজেলের দাম প্রায় ৩ টাকা করে বেড়েছে। রাজধানী নয়াদিল্লিতে পেট্রোল বিক্রি হচ্ছে ৯৭ দশমিক ৭৭ টাকা এবং ডিজেল ৯০ দশমিক ৬৭ টাকায়। একই সঙ্গে সিএনজির দামও কেজিপ্রতি ২ টাকা বেড়েছে। কলকাতায় পেট্রোলের দাম দাঁড়িয়েছে ১০৮ দশমিক ৭৪ টাকা এবং ডিজেল ৯৫ দশমিক ১৩ টাকা। সেখানে সিএনজির দামও কেজিতে ৩ টাকা বাড়ানো হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, পশ্চিম এশিয়ায় সংঘাত দীর্ঘায়িত হলে বিশ্ববাজারে তেলের সরবরাহ আরও অনিশ্চিত হয়ে পড়তে পারে। এতে ভারতে জ্বালানির দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ভারত তার মোট চাহিদার প্রায় ৮৫ শতাংশ অপরিশোধিত তেল আমদানি করে। ফলে আন্তর্জাতিক বাজারে দামের প্রভাব সরাসরি দেশটির অর্থনীতিতে পড়ছে।

বিশ্লেষকদের মতে, জ্বালানির দাম বাড়লে পরিবহন ব্যয় বাড়ার মাধ্যমে নিত্যপণ্যের বাজারেও এর প্রভাব পড়তে পারে। এতে দেশটিতে মুদ্রাস্ফীতির চাপ আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!