জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিএনপির একটি দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিন্ন্যাফৈর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিন্ন্যাফৈর এলাকায় ২ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যক্রম পরিচালনার জন্য একটি কার্যালয় খোলা হয়েছিল। গত তিনদিন ধরে কার্যালয়টি বন্ধ ছিল। শনিবার সকালে স্থানীয় বাসিন্দা সুলতান ভূঁইঞা কার্যালয়ের দরজার তালা খোলা দেখতে পান। পরে ভেতরে গিয়ে তিনি দেখেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং স্থানীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের ছবিসহ বিভিন্ন আসবাবপত্র পুড়িয়ে ফেলা হয়েছে।
খবর পেয়ে ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে যান। পরে পুলিশকে জানানো হলে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশিদ ফকির এ ঘটনার জন্য আওয়ামী লীগের দোসরদের দায়ী করে তীব্র নিন্দা জানান।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া বলেন, শনিবার দুপুর সাড়ে ৩টার দিকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


