আজকে আমাদের সরকার চা বাগানের মায়েদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিয়েছে। আজ আমরা হয়ত সবাইকে কার্ড দিতে পারিনি, কিন্তু আগামী একবছরের মধ্যে আমরা সব চা শ্রমিককে ফ্যামিলি কার্ড দেব বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৭ জুন) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমার জন্য আজ অনেক আনন্দের দিন। আজ থেকে কয়েকমাস আগে আমি যখন নির্বাচনি প্রচারণায় সিলেটে আসি, তখন হবিগঞ্জে আমি বলেছিলাম, বিএনপি যদি সরকার গঠন করতে সক্ষম হয় তাহলে আমরা চা শ্রমিক মায়েদের ফ্যামিলি কার্ড দেব। আজ আমি আমার কথা রাখতে পেরেছি। আজ আমাদের সরকার চা বাগানের মায়েদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিয়েছে। আজ আমরা সবাইকে হয়ত কার্ড দিতে পারিনি কিন্তু আগামী একবছরের মধ্যে সব চা শ্রমিককে আমরা ফ্যামিলি কার্ড দেব।
বাংলাদেশে মোট চার কোটির মতো পরিবার রয়েছে, পর্যায়ক্রমে আমরা সবার কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। আজকে আমরা শুধু ফ্যামিলি কার্ডই নয়, পাশাপাশি নারী চা শ্রমিকদের কাছে ঘর নির্মাণের জন্য ৫০ জনকে দুই লাখ টাকা করে দিয়েছি। এর বাইরেও চা শ্রমিকদের সন্তানরা যাতে লেখাপড়া করতে পারে সেজন্য তাদের প্রায় ১৫০ চা শ্রমিক সন্তানদেরকে বিশেষ স্কলারশিপ দিয়েছি। আজ আমরা প্রতিবন্ধীদেরও আর্থিক সহায়তা দিয়েছি।
আগামী জুলাই মাসের ১ তারিখ থেকে পর্যায়ক্রমে দেশের ৪০ লাখ কৃষককে কৃষক কার্ড দেব, এর জন্য আমরা বাজেটে বিশেষ বরাদ্দও রেখেছি।


