নবগ্রামে রিমনের সমর্থনে উঠান বৈঠক, জনসভায় রূপ নিল মানুষের উপস্থিতিতে
নবগ্রাম ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। আমি দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আগামী দিনেও মানুষের অধিকার ও এলাকার উন্নয়নে কাজ করতে চাই।

মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে মাঠে সক্রিয় বিএনপি নেতা অ্যাডভোকেট সাইফুল ইসলাম খান রিমনের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে সরুপাই গ্রামে আয়োজিত এ বৈঠকে স্থানীয় মানুষের ব্যাপক উপস্থিতিতে তা একপর্যায়ে জনসভায় রূপ নেয়।
সরুপাই গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে গ্রামের শত শত নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তাদের উপস্থিতিতে পুরো এলাকায় নির্বাচনী আমেজ তৈরি হয়। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও রিমনের প্রতি সমর্থন জানান।
বক্তারা বলেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম খান রিমন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তার ভূমিকা এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা রয়েছে। নবগ্রাম ইউনিয়নের উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার মতো তরুণ নেতৃত্ব প্রয়োজন। তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নকে আধুনিক, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন বলে তারা প্রত্যাশা করেন।
রিমন মানিকগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ঢাকা জেলা ছাত্রদলের সাবেক অর্থবিষয়ক সম্পাদক ছিলেন। দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে তিনি তৃণমূলের রাজনীতিতে যুক্ত রয়েছেন।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রিপন খান, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন ও সিরাজুল ইসলাম সেন্টু, নবগ্রাম ইউনিয়ন বিএনপির সহসভাপতি সামাদ সিকদার, জেলা যুবদলের আহ্বায়ক সদস্য সাকিবুল হাসান রাকিব, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিলন হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য আজিজ মিয়া ও শহিদুল ইসলাম ভুট্টু, জেলা কৃষক দলের সামাজিক যোগাযোগবিষয়ক সম্পাদক জাকির হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ খান এবং সাবেক সদর উপজেলা ছাত্রদল নেতা জুয়েল রানা।
এ ছাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গ্রামের বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
উঠান বৈঠক ঘিরে সরুপাই গ্রামে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণ এবং নেতাকর্মীদের উপস্থিতিতে নবগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রিমনের সমর্থনে প্রচার-প্রচারণায় নতুন মাত্রা যোগ হয়েছে।





