রাজধানীর গুলশানের বাসভবন থেকে একদিনের সফরে চাঁদপুরের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) সকালে সড়কপথে যাত্রা শুরু করেন তিনি।
সফরসূচি অনুযায়ী, পথে কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভায় অংশ নেবেন তারেক রহমান। পরে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল এবং সদর উপজেলার কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি।
এছাড়া চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সন্ধ্যায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হয়ে সফর শেষ করবেন তিনি।
এর আগে সর্বশেষ ২০১২ সালে বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া চাঁদপুর সফর করেছিলেন। দীর্ঘ বিরতির পর দলের বর্তমান চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের এ সফরকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ দেখা গেছে।


