সাংবাদিক বি এম খোরশেদকে হত্যার হুমকির অভিযোগ, টিআরইউর নিন্দা
একজন সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের নেতাকে হুমকি দেওয়ার অভিযোগকে উদ্বেগজনক উল্লেখ করে প্রতিবাদলিপিতে বলা হয়, মতপ্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা গণতান্ত্রিক সমাজের অন্যতম শর্ত।

মানিকগঞ্জে যমুনা টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার ও টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির (টিআরইউ) সভাপতি বি এম খোরশেদকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে টিআরইউ, মানিকগঞ্জ। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
শুক্রবার (৬ নভেম্বর) এক প্রতিবাদলিপিতে সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন এ নিন্দা ও প্রতিবাদ জানান।
প্রতিবাদলিপিতে বলা হয়, স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যক্রম ও বিভিন্ন অসংগতি নিয়ে আলোচনাকে কেন্দ্র করে প্রতিবেশী মো. হায়াত আলীর সঙ্গে বি এম খোরশেদের বিরোধ সৃষ্টি হয়। এর জেরে গত ৬ নভেম্বর দুপুরে ঘিওর উপজেলার শ্রীবাড়ী পশ্চিমপাড়ায় তাকে অশালীন ভাষায় গালিগালাজ, মারধর ও হত্যার হুমকি দেওয়া হয় বলে ঘিওর থানায় করা সাধারণ ডায়েরিতে (জিডি) উল্লেখ করেছেন তিনি।
একজন সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের নেতাকে হুমকি দেওয়ার অভিযোগকে উদ্বেগজনক উল্লেখ করে প্রতিবাদলিপিতে বলা হয়, মতপ্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা গণতান্ত্রিক সমাজের অন্যতম শর্ত। কোনো মতবিরোধের জেরে সাংবাদিককে ভয়ভীতি দেখানো বা প্রাণনাশের হুমকি গ্রহণযোগ্য নয়।
টিআরইউর পক্ষ থেকে অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে জড়িত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে বি এম খোরশেদ ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
প্রতিবাদলিপিতে আরও বলা হয়, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা, ভয়ভীতি ও হুমকির বিরুদ্ধে টিআরইউ ঐক্যবদ্ধ ও সোচ্চার থাকবে।






